সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন প্যাট কামিন্স। সেখানে দেখা যায়, অন্ধকারে বসে আছেন তিনি সহ জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও অ্যালেক্স ক্যারি। মূলত বিদ্যুৎ সংযোগ না আসায় নৈশভোজ শুরু করতে পারছিলেন না তারা। লংকায় বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়তে হল অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে।
ঘটনাটি ঘটে পঞ্চম এক দিনের ম্যাচ শুরু হওয়ার আগে। সেই পোস্টের ক্যাপশনে কামিন্স লেখেন, ‘এই সপ্তাহে একটি রেস্তোরাঁয় বসেছিলাম। নৈশভোজ শুরু করতে পারছিলাম না। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার অপেক্ষা করছিলাম। শ্রীলংকা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এখানকার মানুষ আমাদের খুব ভাল ভাবে স্বাগত জানিয়েছেন। এখানে খেলতে পেরে খুব আনন্দ পেয়েছি।’
.png)
শ্রীলংকায় আর্থিক সঙ্কটের জেরে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে। দিনের একটা বড় সময় বিদ্যুৎ থাকছে না। অনেকে বাড়িতে বসে শ্রীলংকা-অস্ট্রেলিয়া সিরিজ দেখতে পাননি। তবে তার মধ্যেই গ্যালারি ভর্তি করে দর্শক এসেছে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া যে তাদের দেশে খেলতে এসেছে তার জন্য কামিন্সদের ধন্যবাদ জানিয়েছেন শ্রীলংকাবাসী।
পাঁচ ম্যাচের এক দিনের সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। পরের তিনটি ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলংকা। পর পর তিন ম্যাচ জিতে সিরিজ দখলে নিয়েছিল তারা। শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে শ্রীলংকাকে হারায় অস্ট্রেলিয়া।