একমাত্র ক্রিকেটার হিসেবে স্টোকসের রেকর্ড
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে আউট হয়েছেন তিনি। তবে এই ইনিংসের মধ্য দিয়ে একটি অনন্য রেকর্ডও গড়ে ফেলেছেন এই অলরাউন্ডার।
টেস্ট ক্রিকেটের একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০টি ছক্কা ও ১০০ এর অধিক উইকেট শিকার করেছেন বেন স্টোকস। এমন রেকর্ড নেই পৃথিবীর আর কারো।
ইংল্যান্ডের হয়ে ৮১টি টেস্ট খেলে ৩২.৬৭ গড়ে ১৭৭টি উইকেট শিকার করেছেন বেন স্টোকস। ইকোনমি রেট ৩.২৯। এর সঙ্গে ব্যাট হাতে রান করেছেন ৫ হাজার ২৩৭। সেঞ্চুরি ১১টি আর হাফ সেঞ্চুরি ২৮টি। ১০০টি ছক্কার পাশাপাশি ৬৩৩টি চারও হাঁকিয়েছেন তিনি।
.png)
টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড যার, সেই ব্রেন্ডন ম্যাককালাম ঘটনাচক্রে এখন স্টোকসদের কোচ। টেস্টে ম্যাককালাম মেরেছেন ১০৭টি ছক্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। মাত্র ৯৬ টেস্টে ১০০ ছক্কা মেরেছিলেন গিলি।
‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের টেস্টে ছক্কা রয়েছে ৯৮টি। তালিকার পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক কালিস (৯৬)। আশ্চর্যজনক হলেও সত্য যে, টেস্টে ৭৬টি ছক্কা রয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির।