ফুটবলের মতো ক্রিকেট চালালে পরিণতি ভালো হবে না: রমিজ
অনেকে ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর চেষ্টা করছেন। ফুটবলে যেমন জাতীয় দলের খেলার চেয়ে ক্লাবের খেলাই বেশি প্রাধান্য পায়, ক্রিকেটেও সেই চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন পিসিবি সভাপতি রমিজ রাজা।
যদি এমনটা হয় তাহলে ক্রিকেটকে বড় খেসারত দিতে হবে বলেও তিনি জানান। স্থানীয় সংবাদমাধ্যমে পিসিবি সভাপতি নিজেই এ কথা জানিয়েছেন।
.png)
এর পরিণতি ভালো হবে না জানিয়ে রমিজ বলেন, ‘অনেক মানুষ আছে যারা ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর চেষ্টা করছে। অনেক দেশ এটি করছেও। নিজেদের বাৎসরিক সূচি সাজাতে গেলে খুব শিগগির তারা বুঝতে পারবে তারা কী ভুল করেছে।’
সম্প্রতি লংকা সফরে প্রথম টেস্টে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় বাবর আজমের দল।
এই জয়ের পর অধিনায়ক বাবরকে বাহবা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা।
দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্ষমতা থাকার পরও সবার মতামতের ভিত্তিতে রমিজ রাজা বোর্ডের পলিসি ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে জোর দিয়েছেন। তিনি সবসময় চেষ্টা করেছেন জাতীয় দলের ওপর হস্তক্ষেপ না করতে।
রমিজ বলেন, ‘আমি কখনও দল গঠন বা বাছাইয়ে হস্তক্ষেপ করিনি। যদিও আমি এটি করতে পারতাম। এটি আমার অধিকার। তবে আপনার অধিনায়ক যদি যথেষ্ট শক্ত না হয়, তাহলে আপনার দল উন্নতি করতে পারবে না।’