কাতার বিশ্বকাপের টিকিট বিক্রির জন্য ফিফার কাছ থেকে অনুমতি পায় ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামের একটি কোম্পানি। নিজেদের অনলাইন স্টোরে টিকিট বিক্রি শুরু করেছে তারা। কিন্তু তাদের অনলাইনে ইসরায়েলকে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি প্রতিষ্ঠানটি।
সম্প্রতি মার্কা, আরব নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
.png)
এরফলে বিশ্বকাপ ফুটবল দেখতে ইসরায়েলের ফুটবলভক্তদের ফিলিস্তিন অঞ্চল বাছাই করে টিকিট কাটাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিতে হবে।
বিশ্বকাপে যেতে ইচ্ছুক ইসরায়েলি ফুটবলভক্তরা সম্প্রতি খেয়াল করেছেন, অনলাইন স্টোরে তাদের দেশের নাম নেই। তার বদলে ‘অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল’ নামটি দেখাচ্ছে।
ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল সমালোচনার মুখে পড়ে ফিফা। বুধবার প্রথম ইসরায়েলি গণমাধ্যম এই বিষয়টি নিয়ে খবর প্রকাশ করে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে ইসরায়েলিরা।
তবে আরবসহ মুসলিম বিশ্বের ফুটবল ভক্তরা এই ঘটনায় ভীষণ খুশি। তারা এটাকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের নীরব প্রতিবাদ হিসেবেই দেখছেন। এছাড়া কাতার সরকারকেও প্রশংসায় ভাসাচ্ছেন তারা।