ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
টি-২০ বিশ্বকাপ

ভারত-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ৭ নভেম্বর ২০২২
ভারত-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির শঙ্কা
ফাইল ফটো

টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কিন্তু ম্যাচটি কি নির্ধারিত দিনে হবে? কারণ ঐদিন অ্যাডিলেডের জন্য দুঃসংবাদ দিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস! বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় ইংলিশদের বিপক্ষে মাঠে নামার কথা ভারতের।

এবারের টি-২০ বিশ্বকাপে ৫ ম্যাচের মধ্যে চার জয় আর এক হারে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে উঠেছে ভারত। প্রতিপক্ষ ইংল্যান্ড রানার্সআপ হয়ে শীর্ষ চার নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা প্রায় ৩০ শতাংশ। এছাড়া সারাদিন আকাশ মেঘলা থাকবে। শুধু তাই নয়, বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিবেগে উত্তর থেকে উত্তর-পশ্চিম দিকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে বৃষ্টির বেগ কিছুটা কমতে পারে। শুধু বৃহস্পতিবার নয়, আগেরদিন বুধবারও অ্যাডিলেডে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে ৬০ শতাংশ।

Advertisement

পর পর দু’দিন আকাশ মেঘলা থাকলে ও বৃষ্টি হলে পিচ ও আউটফিল্ড পর্যাপ্ত রোদ পাবে না। আউটফিল্ড ভেজা থাকলে খেলা শুরু করার বিপক্ষে যাবে। সেমিফাইনালের মতো খেলায় সম্পূর্ণ নিশ্চিত না হয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেবেন না আম্পায়াররা।

চলমান টি-২০ বিশ্বকাপে চারটি খেলা বৃষ্টির কারণে ভেস্তে গেছে। বেশ কয়েকটি ম্যাচের ফল হয়েছে ডাকওয়ার্থ লুইস নিয়মে। ফলে সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো দল। তবে নকআউটে ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা কম। সেমিফাইনাল এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে। নির্ধারিত দিনে বৃষ্টির কারণে খেলা শেষ না হলে পরেরদিন হবে। তাই বৃহস্পতিবার বৃষ্টির জন্য প্রথম সেমিফাইনাল না হলে সেই খেলা হবে শুক্রবার।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!