ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২

ইংল্যান্ডের মধ্যমাঠের তুরুপের তাস জুড বেলিংহাম 

সম্ভাবনাময় দশ তরুণ
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:২০, ১৫ নভেম্বর ২০২২
ইংল্যান্ডের মধ্যমাঠের তুরুপের তাস জুড বেলিংহাম 
ছবি: জুড বেলিংহাম 

কাতার বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে আগ্রহ আর উত্তেজনা। সবার চোখ মধ্যপ্রাচ্যের ফুটবলের মহামঞ্চের মহারণে। ভাবনায় কেবল মেসির সেই জাদুকরী ড্রিবলিংয়ে ছুটে চলা, রোনালদোর দূর পাল্লার বুলেট শট কিংবা এমবাপের চিতার গতি। নেইমারেও স্বপ্ন বুনছেন হেক্সার আশায় থাকা ব্রাজিলিয়ানরা। 

সবার চোখ এদের দিকে থাকলেও বিশ্বমঞ্চে ধ্রুবতারার মতো পায়ের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে দিতে পারেন কয়েকজন তরুণ। কাতারের মাটিতে আলো ছড়াতে পারেন এমন দশ বিস্ময় তরুণের দিকে চোখ রেখেছে ডেইলি বাংলাদেশ। আজ থাকছেন ইংল্যান্ডের তরুণ জুড বেলিংহাম।

বয়স মাত্র ১৯। এই বয়সেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা বেশ চমকই বটে। সেটাই করে দেখালেন ইংল্যান্ডের তরুণ তারকা জুড বেলিংহাম। জুড বেলিংহামকে তুলনা করা হয় প্যাট্রিক ভিয়েরা ও স্টিভেন জেরার্ডের সাথে। যারা গত ৩০ বছরে মাতিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের মাঝমাঠ।

জুড বেলিংহাম 

সেরা দুইজন মিডফিল্ডারের সাথে তুলনা করাটা নিশ্চয়ই চাট্টিখানা কথা নয়। রয় কিনও একাধিক অনুষ্ঠানে বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডারের প্রশংসায় মেতেছেন। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বিশ্বাস করেন যে, মাঠের যেকোনো পাশেই দুর্দান্ত খেলতে পারবেন বেলিংহাম। তাকে থামানো কঠিন হবে।

একটা অবাক করা তথ্য হলো, ইংল্যান্ডের ১৪০ বছরের ইতিহাসে বেলিংহাম একমাত্র খেলোয়াড় যে কিনা ১৭ বছর বয়সেই পুরো ৯০ মিনিট খেলেছেন। পরবর্তীতে তিনি উয়েফা ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন। যদিও পরে পোল্যান্ডের ক্যাসপার কোজলোস্কি ছয় দিন পরই তার রেকর্ড ভেঙে দিয়েছিলেন।

ওয়েন রুনি ও থিও ওয়ালকটের পর ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন ১৭ বছর ১৩৬ বয়সে। মধ্যে মাঠে ডর্টমুন্ডের হাল ধরাদের একজন হয়ে উঠেছেন বেলিংহাম। মজার ব্যাপার হলো, মাঠে ‘নেতা’ হয়ে উঠলেও এই ছেলেই আবার মাঠের বাইরে মাকে ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না!

জুড বেলিংহাম 

বাবা ও ভাই থাকেন অন্যত্র। মাকে নিয়েই বেলিংহাম বসবাস করছেন নিজের ফ্ল্যাটে। ছেলেকে নিয়ে মা ডেনিস বেলিংহামেরও চিন্তার শেষ নেই। মাঠে ছেলে খেলার সময় মা গ্যালারি কিংবা বাসায় বসেও দুশ্চিন্তা করেন। তবে বেশিরভাগ সময়ই ছেলের খেলা দেখতে মা গ্যালারিতে চলে আসেন।

বেলিংহামকে নিয়ে বেশ আশার বাণী শুনিয়েছেন রয় কিন। তিনি বলেন, ‘এই ছেলেটা সবার জন্যই ভীতিকর। তিনি দেখতে একজন বক্সারের মত দেখতে। সে বেশ শক্তিশালী একটা ছেলে। গ্যারেথ অবশ্যই ওর যত্ন নিচ্ছে। ও একটি আশ্চর্যজনক প্রতিভা।’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত মোটে ১৭ ম্যাচ খেলেছেন বেলিংহাম। তবে নেই কোন এসিস্ট। এসব দিয়ে অবশ্য তাকে বিশেষায়িত করা যাবে না। মাঠে এই তরুণ উড়ে বেড়ান মৌমাছির মতো।  ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১২৩ ম্যাচ খেলে ১৯ গোল ও ২৩ গোলে সহযোগিতা করেছেন বেলিংহাম। বিশ্বকাপেও তাকে নিয়ে ইংল্যান্ডের অনেক প্রত্যাশা।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!