ইংল্যান্ডের আশার আলো জুড বেলিংহাম
কাতারে বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠার আগেই শুরু হয়ে গেছে উন্মাদনার জোয়ার। প্রিয় দলগুলোকে নিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে চলছে কথার লড়াই।
এর মধ্যে নিজেদের প্রিয় তারকাদের নিয়েও আলোচনার শেষ নেই। দলকে জেতাতে কে পালন করবেন মুখ্য ভুমিকা? রেকর্ড ও পরিসংখ্যান মিলিয়ে ভক্তদের এমন প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছে ডেইলি বাংলাদেশ।
আসরের শীর্ষ দশ তারকার রেকর্ড, পরিসংখ্যান ও সম্ভাবনার আজকের পর্বে থাকছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম।
এবারের বিশ্বকাপে শিরোপার আশায় কাতারের মাটিতে পা রাখা দলগুলোর মধ্য ইংল্যান্ডকে এগিয়ে রাখতেই হয়। এর কারণ তাদের স্কোয়াড। ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো বেশিরভাগ খেলোয়াড়কেই দলে রেখেছেন কোচ গ্যারেথ সাউথগেট। তবে আসরে ইংল্যান্ডে ট্রাম্পকার্ড তাদের কেউ না।
ইংলিশদের হয়ে আসরে আলো ছড়াতে পারেন এক মিডফিল্ডার। তাও আবার একেবারেই নবীন। তিনি জুড বেলিংহাম। বর্তমানে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে খেলছেন, বয়স মাত্র ১৯। এই বয়সেই বিশ্বকাপের দলে সুযোগ পাওয়াটা বেশ চমকই বটে। সেটাই করে দেখালেন ইংল্যান্ডের তরুণ তারকা।
জুড বেলিংহামকে তুলনা করা হয় ইংলিশদের ফুটবল ইতিহাসের অন্যতম দুই সেরা খেলোয়াড় কিংবদন্তিতুল্য প্যাট্রিক ভিয়েরা ও স্টিভেন জেরার্ডের সঙ্গে। যারা গত ৩০ বছরে মাতিয়ে রেখেছিলেন ইংল্যান্ডের মাঝমাঠ। সেরা দুইজন মিডফিল্ডারের সাথে তুলনা করাটা নিশ্চয়ই চাট্টিখানা কথা নয়।
এরই মধ্যে পায়ের জাদুতে অনেক সাবেক খেলোয়াড়ইকেই মুগ্ধ করে ফেলেছেন বেলিংহাম। এই যেমন সাবেক ইংলিশ খেলোয়াড় রয় কিন একাধিক অনুষ্ঠানে বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডারের প্রশংসায় মেতেছেন। ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বিশ্বাস করেন যে, মাঠের যেকোনো পাশেই দুর্দান্ত খেলতে পারবেন বেলিংহাম।
বেলিংহামকে এতো দ্রুতই বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত করার পেছনে কাজ করেছে তার পারফর্ম্যান্স। অবাক করা তথ্য হলো, ইংল্যান্ডের ১৪০ বছরের ইতিহাসে বেলিংহাম একমাত্র খেলোয়াড় যে কিনা ১৭ বছর বয়সেই পুরো ৯০ মিনিট খেলেছেন। পরবর্তীতে তিনি উয়েফা ইউরোর ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়ে ওঠেন।
ওয়েইন রুনি ও থিও ওয়ালকটের পর ইংল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে অভিষিক্ত হন ১৭ বছর ১৩৬ বয়সে। মধ্যে মাঠে ডর্টমুন্ডের হাল ধরাদের একজন হয়ে উঠেছেন বেলিংহাম।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত মোটে ১৭ ম্যাচ খেলেছেন বেলিংহাম। তবে নেই কোন এসিস্ট। এসব দিয়ে অবশ্য তাকে বিশেষায়িত করা যাবে না। মাঠে এই তরুণ উড়ে বেড়ান মৌমাছির মতো। ইতোমধ্যে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ১২৩ ম্যাচ খেলে ১৯ গোল ও ২৩ গোলে সহযোগিতা করেছেন বেলিংহাম। বিশ্বকাপেও তাকে নিয়ে ইংল্যান্ডের অনেক প্রত্যাশা।
বেলিংহাম বল পায়ে জাদু দেখালে শিরোপা হাতে কাতারের মাটিতে উল্লাস করা ইংল্যান্ডের পক্ষে অসম্ভব কিছু নয়।