ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দুর্দান্ত একটা সেভ করে দলকে জয় এনে দেন আর্জেন্টাইন গোলরক্ষক। এর আগে ম্যাচের প্রথমার্ধেই মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের লিড নেয় লিওনেল স্কালোনির দল।
৭৭ মিনিটে ১ গোল শোধ করে অস্ট্রেলিয়া। এক গোল করার পর দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়ার পুরো দল। শেষ মুহূর্তে একটি গোল প্রায় হজম করতে বসেছিল আর্জেন্টিনা। কিন্তু গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ দারুণ দক্ষতায় সেটা প্রতিহত করেন। সঙ্গে ভাগ্যও তার পক্ষে ছিল।
.png)
ম্যাচ শেষে গোল বাঁচানো প্রসঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন গোলরক্ষক। শেষ মুহূর্তের সেই গোল বাঁচানো নিয়ে মার্টিনেজ বলেন, 'এটি আমার প্রথম বিশ্বকাপ। চেষ্টা করছি সেরাটা দেওয়ার। আমি মাঠে শান্ত আছি এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা সংগ্রাম করেছি, তারা খুবই শক্তভাবে প্রেস করেছে।'
অস্ট্রেলিয়ার প্রথম গোলটি নিয়ে মার্টিনেজের ব্যাখা, 'অদ্ভুতভাবে গোলটি পেয়ে যায় (অস্ট্রেলিয়া) এবং তা মেনে নেয়া কঠিন ছিল আমাদের জন্য। যখন প্রয়োজন হয় মেসি সামনে থেকে নেতৃত্ব দেয় এবং তাকে অবশ্যই আমাদের সাহায্য করা উচিত।'