ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভাষা শহিদদের প্রতি মাশরাফী-সাকিব-জ্যোতিদের শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৩
ভাষা শহিদদের প্রতি মাশরাফী-সাকিব-জ্যোতিদের শ্রদ্ধা
ফাইল ফটো

আজ ২১ ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এদিন বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে প্রাণ দেন সালাম, বরকত, রফিকসহ বহু বাঙালি। তার প্রাণের বিনিময়েই বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ভাষা, ভাব প্রকাশের স্বাধীনতা।

মহান ভাষা আন্দোলনে শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবালসহ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, যে মহান শহিদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিনম্র শ্রদ্ধা। শহিদ দিবস অমর হোক।

Advertisement

ওয়ানডে দলের অধিনায়ক তামিম লিখেছেন, মহান ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

সাবেক সফল টাইগার অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা লিখেছেন, যাদের ত্যাগে আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি, বাংলায় গান গাই তাদের জানাই বিনম্র শ্রদ্ধা।

তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম লিখেছেন, সবাইকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

তারকা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহিদদের কে কি ভুলতে পারি? ভাষা শহিদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রুয়ারি কোনো সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহিদদের প্রতি, যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গেছে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি লিখেছেন, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ...সকল ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!