প্রিমিয়ার লিগে দুইদলের কেউই শিরোপা রেসে নেই। আবাহনী লিমিটেড ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। মোহামেডান এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসের বিশ্বাস জয়ের জন্যই তার শিষ্যরা ঝাঁপিয়ে পড়বে, ‘আমরা তিন পয়েন্টের জন্য খেলবো। কোনও ছাড় দেওয়ার সুযোগ নেই। জিততে পারলে তখন রানার্সআপ লড়াইয়ে এগিয়ে যেতে পারবো। তাছাড়া মোহামেডানের বিপক্ষে ম্যাচ। ভালো লড়াই হবে।’
.png)
প্রিমিয়ার লিগে প্রথম পর্বে আবাহনী ২-০ গোলে মোহামেডানকে হারিয়েছিল। সাদা-কালোরা সেটির পুনরাবৃত্তি চায় না। ফেডারেশন কাপের ফাইনালে উঠায় তাদের প্রত্যাশাও বেড়ে গেছে। ফলে দলটি আছে বেশ ফুরফুরে মেজাজে।
দলটির কোচ সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ দায়িত্ব নিয়েই সাফল্য পাচ্ছেন। কালকের ম্যাচে যে একটু ভিন্ন লড়াই হবে, তার আভাস দিয়েছেন তিনি, ‘আগের বার আমি কোচ ছিলাম না। এবার দলে কিছু খেলোয়াড় পরিবর্তন এসেছে। এছাড়া ফর্মেশন বদলেও দল সাফল্য পাচ্ছে। আক্রমণাত্মক খেলে এবার আমরা আবাহনীকে হারাতে চাই। যেন ফেডারেশন কাপের ফাইনালের আগে দল আরও চাঙা হতে পারে।’