বর্তমান ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা জুনে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এর মাধ্যমে মাদ্রিদের সঙ্গে তার ১৪ বছরের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর ক্লাবের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৪ গোল করেছেন বেনজেমা।
গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে মাদ্রিদের পয়েন্টের ব্যবধান ছিল ১০। কিন্তু এবার তা কাটিয়ে উঠতে আগে থেকেই প্রস্তুত মাদ্রিদ বেনজেমার অনুপুস্থিতি কাটিয়ে উঠতে এরই মধ্যে ইংলিশ তরুণ জুড বেলিংহাম ও টার্কিশ প্রতিভা আর্দা গুলারকে দলে ভিড়িয়েছে।
.png)
মাদ্রিদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই তরুণদের দলে নেয়া হয়েছে। কিন্তু তাদের দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য এখনো পিএসজির হয়ে ২৬০ ম্যাচে ২১২ গোল করা ফরাসি তারকা এমবাপ্পে। গত মৌসুমে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে এমবাপ্পেকে দলে ভেড়াতে পারেনি মাদ্রিদ।
এমবাপ্পে পিএসজির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। কিন্তু এবার এমবাপ্পে নিজেই প্যারিসে আর না থাকার কথা জানিয়ে দিয়েছেন। চুক্তি নবায়নেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। বর্তমানে পিএসজির রিজার্ভ দলের সঙ্গে এমবাপ্পে অনুশীলন করছেন।
এদিকে মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি জনসম্মুক্ষে এমবাপ্পের বিষয় নিয়ে এখনই কিছু বলতে চাচ্ছেন না। গত মাসে তিনি বলেছেন, ‘এমবাপ্পে আমাদের খেলোয়াড় নয়। অন্য কোন ক্লাবের খেলোয়াড় সম্পর্কে কোন ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না।’