শুক্রবার চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
চেন্নাইয়ে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে সেমির দৌড় থেকে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ১৯৯২ এর চ্যাম্পিয়নদের ৫ ম্যাচে পয়েন্ট চার। অবস্থান করছে টেবিলের ষষ্ঠস্থানে। হারের বৃত্ত ভেঙে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাবর আজমরা। এমন লক্ষ্যে মুখোমুখি হবে দু’দল।
.png)
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান বলেন, ‘আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং―কিছুতেই ভালো করতে পারছি না। বিশ্বকাপের আগে যেভাবে খেলেছি, সেভাবে খেলতে পারছি না বিশ্বকাপে। তবে বিশ্বাসটা ধরে রাখা জরুরি। বিশ্বাস থাকলে মিরাকলও ঘটে।’
শাদাব আরো বলেন, ‘এমন বাঁচা-মরার লড়াইয়ে আমার মনে হয় চাপটা আরো কম থাকে। কারণ এখন আমাদের হারানোর কিছু নেই।’
ওয়ানডেতে এখন পর্যন্ত ৮২বার মুখোমুখি হয়েছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার জয় ৫১টিতে, পাকিস্তানের জয় ৩০টিতে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়। ২০২১ সালের এপ্রিলে সর্বশেষ ওয়ানডেতে দেখা হয়েছিলো দু’দলের। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাবররা।
বিশ্বকাপে পাঁচবারের দেখায় দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনবার, পাকিস্তানের জয় দুইটি। সর্বশেষ ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে জয় আছে পাকিস্তানেরই।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, উসামা মির, হারিস রউফ, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরার্ল্ড কোয়েৎজে, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লিজার্ড উইলিয়ামস।