এমন জটিল সমীকরণেও বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে মরিয়া পাকিস্তান। শুধু তাই নয়, বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার।
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। এর মধ্যে পরপর তিনটি ম্যাচে হেরেছে তারা। এমন অবস্থায় বাকি চারটি ম্যাচ জিতলে সেমিফাইনালে ওঠার আশা বেঁচে থাকবে পাকিস্তানের।
.png)
শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামার আগে মিকি আর্থার বলেন, ‘ড্রেসিংরুমে আমরা বলেছি যে, টানা ছয়টি ম্যাচ জিতলেই বিশ্বকাপ আমাদের। টানা ছয়টি ম্যাচ জিততে হবে। নিজেদের পরিকল্পনার ১০০ শতাংশ কাজে লাগাতে হবে। সেটা করতে পারলে বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখছি না।’
প্রোটিয়াদের সামর্থ্য নিয়ে আর্থার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ভালো দল। এখন তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে। কিন্তু আমরাও নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
মিকি আর্থারের সুরেই কথা বলেছেন পাকিস্তান দলের সহ-অধিনায়ক শাদাব খানও। তার মতে, পাকিস্তান বিশ্বকাপ জিততে পারে।
শাদাব বলেন, ‘আমি বিশ্বাস করি মিরাকল হয়। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারিনি আমরা। আগামী ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে জিততে হবে আমাদের। মরণ-বাঁচন অবস্থা হলে চাপ কমে যায়। এখন আর জেতা ছাড়া কিছু করার নেই আমাদের।’