ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

১১১ বছরের ইতিহাসে চরম ভরাডুবি সান্তোসের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪২, ৭ ডিসেম্বর ২০২৩
১১১ বছরের ইতিহাসে চরম ভরাডুবি সান্তোসের
ছবি- সংগৃহীত

১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগে অবনমন হয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের। দেশটির শীর্ষ লিগ ‘সিরি আ’তে নিজেদের শেষ ম্যাচ হেরে ‘সিরি বি’তে নেমে গেছে পেলে-নেইমারদের এ ক্লাবটি।

বৃহস্পতিবার সিরি আ’তে নিজেদের শেষ ম্যাচে ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামে সান্তোস। যেখানে প্রতিপক্ষের কাছে ২-১ গোলে হেরে যায় নেইমারের সাবেক ক্লাবটি। আর তাতেইু অবনমন হয় তাদের। 

সান্তোসের অবনমন হওয়ায় বর্তমানে সাও পাওলো এবং ফ্ল্যামেঙ্গোই এমন দুইটি ক্লাব যারা ব্রাজিলিয়ান লিগের ইতিহাসে কখনো অবনমিত হয়নি। 

এবারের মৌসুমটা মোটেও ভালো কাটেনি সান্তোসের। লিগে ৩৮ ম্যাচের মধ্যে কেবল ১১টিতে জয় পেয়েছে তারা, বিপরীতে পরাজয় ১৭টিতে। পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে ১০ ম্যাচে। 

শেষ দিন ফোর্তালেজার বিপক্ষে ড্র করলেই অবনমন এড়াতে পারতো তারা। কিন্তু বাঁচা-মরার লড়াইয়ে লজ্জার পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

এদিকে ‘সিরি বি’তে অবনমন নিশ্চিত হওয়া যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না সান্তোসের সমর্থকরা। ম্যাচ শেষে ক্ষোভে বাইরের রাস্তায় বেশ কিছু গাড়িতে আগুন দেন তারা। কেননা ক্লাবের ১১১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনে বুকের ভেতর জ্বলতে থাকা আগুনটা সমর্থকেরা নেভাতে পারেননি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!