উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেনি লংকান ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের আঁটসাট বোলিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে লংকান যুবারা। টাইগারদের হয়ে ওয়াসি সিদ্দিকী সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও মাহফুজ রাব্বী।
দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ ‘এ’ থেকে ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, গ্রুপ ‘বি’-এর দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হবে আজ।
.png)
আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের যুবারা ৬১ রানে হারায় সংযুক্ত আরব আমিরাতকে। এরপর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখেই ৯ উইকেটের জয় পায় যুব টাইগাররা। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। আজ জিতলেই সেমিতে চলে যাবে মাহফুজ রাব্বির দল।
আজ দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রাউন্ডে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বী। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি লঙ্কান যুবাদের। দলীয় ৩৭ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙে তাদের। ইনিংসের নবম ওভারে ওপেনার পুলিন্দো পেরেরাকে ২৯ বলে ব্যক্তিগত ২৮ রানের মাথায় সাজঘরে পাঠান মারুফ মৃধা।
এরপর লংকানদের দ্বিতীয় উইকেটের পতন হয় দলীয় ৭৪ রানে। রাবিসান ডি সিলভার প্রতিরোধ ভাঙেন টাইগার অধিনায়ক রাব্বি। দলীয় শতরানের আগে তিন উইকেট হারালেও লড়াইয়ে টিকে ছিল লংকান যুবারা।
তবে এরপরই বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের আশা জাগিয়েও শেষমেশ ব্যর্থ হয়েছে তারা।