বিপিএলের গত মৌসুমে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত টুর্নামেন্টের গ্রাফিক্স নিয়ে। যেখানে অনেক ক্রিকেটারের তথ্য দিতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন তারা। তবে এবারের মৌসুম সমালোচনা মুক্ত হবে বলে আশা করছেন মিনহাজুল আবেদিন নান্নু।
আগামী ১৯ জানুয়ারি থেকে বিপিএলের এবারের আসরের পর্দা উঠছে। নতুন মৌসুম শুরুর মাসখানেক আগে থেকেই নিজের সরব উপস্থিতি দেখাচ্ছে বিসিবি। দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সকল প্রকার প্রস্তুতি নিয়েই বিপিএল শুরু করছে বলে জানান নান্নু।
.png)
বাংলাদেশের প্রধান নির্বাচক মনে করেন, এবার সফলভাবে শেষ হবে বিপিএল। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘আশা করছি সমালোচনামুক্ত বিপিএল হবে। একটা টুর্নামেন্ট চলতে গেলে তো অনেক কিছু দেখতে হয়। এবছর কিন্তু সব প্রস্তুতি নিয়েই শুরু হচ্ছে। আশা করছি ভালো হবে।’
বিপিএলের মাধ্যমে অনেক ক্রিকেটারই নিজেদের নতুনভাবে চেনানোর সুযোগ পান। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। বিপিএলে ভালো করলে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়ার সুযোগ থাকবে।
নান্নুর চাওয়া অবশ্য ক্রিকেটাররা এসব না ভেবে নিজেদের কাজটা করুক। তিনি বলেন, ‘খেলোয়াড়দের প্রথম কাজই হলো ক্রিকেট খেলা, নিজের পারফরম্যান্সটাকে ধরে রাখা। যেখানে সুযোগ পাবে নিজের পারফরম্যান্সটাকে দিতে হবে এবং সেরা খেলাটা খেলতে হবে। এটা হলো ওদের দায়িত্ব।’
ক্রিকেটারদের ধারাবাহিকতা নিয়ে নান্নু বলেন, ‘পারফরম্যান্সে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে পারফরম্যান্সে রাখবেন কিভাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। কোথায় কি হচ্ছে এটা নিয়ে চিন্তা করা খেলোয়াড়দের দায়িত্ব না। যখন মাঠে যাবে তখন সেরা খেলাটা দিতে হবে।’
তিনি যোগ করেন, ‘এজন্যই বলছিলাম যে যেখানে সুযোগ পাবে সেরাটা দিতে হবে, নিজের পারফরম্যান্সটাকে একটা আদর্শ অবস্থায় রাখতে হবে। সামনে বিশ্বকাপ আছে, কন্টিনিউ এই প্রক্রিয়ার মাঝে থাকতে হবে। এখানে যদি ভালো করতে পারে তাহলে ওইখানে আরও বেশি আত্মবিশ্বাস পাবে বিশ্বকাপে ভালো খেলার জন্য।’