নেশন্স কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে গিনির জয়ের পর উদযাপন করতে গিয়ে ৬ জন সমর্থকের মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমেছে দেশটিতে। এ ঘটনার পর দেশের জনগণকে এমন উদযাপন থেকে বিরত থাকতে এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে গিনি ফুটবল ফেডারেশন।
আফ্রিকার ‘বিশ্বকাপ’ খ্যাত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১–১ গোলে ড্র করে গিনি। কিন্তু আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে গাম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নেশন্স কাপের প্রথম জয় তুলে নেয় তারা। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৬৯ মিনিটে কামারার করা গোলে আনন্দে ভাসে গিনি সমর্থকরা। সেই গোলটি ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
.png)
এমন জয়ের পর আনন্দ-উল্লাসে মাতে গিনির সমর্থকরা, আর তাই বিষাদে রূপ নেয়। ম্যাচ শেষে গিনির রাজধানী কোনাক্রিতে রাস্তায় নেমে আসে মানুষ। সেখানে দ্রুত গতিতে গাড়ি চালানোর সময় একাধিক দুর্ঘটনা ঘটে। সেখানেই ৬ জনের মৃত্যু ঘটে।
এই ঘটনার পর গিনি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। সেখানে সবাইকে সতর্ক হয়ে উদযাপনের আহ্বান জানানো হয়েছে।
দলের মিডিয়া ম্যানেজার আমাদো মাকাদজি বিবিসিকে বলেন, ‘যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের ভক্ত এবং জনসাধারণ যেন নিয়ন্ত্রিতভাবে উদ্যাপন করে। নিজেদের কোনো ধরনের বিপদে ফেলার ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। কারণ ফুটবলের লক্ষ্যই হচ্ছে আনন্দ নিয়ে আসা, পরিবার ছেড়ে চলে যাওয়া নয়।’
আমাদো আরো বলেন, ‘আমরা মৃত্যু নিয়ে শোক জানাতে চাই না। তাই আমরা সবাইকে নিজেদের নিয়ে সতর্ক থেকে উদযাপন করতে বলছি, যেন তাদের কিছু না হয়। গিনি এমন দেশ যেখানে ফুটবল নিয়ে মানুষ খুবই আবেগপ্রবণ এবং বিশ্বের আর কোথাও তাদের মতো ফুটবল কেউ ধারণ করে না।’
নিজেদের শেষ ম্যাচে সেনেগালের বিপক্ষে নামবে গিনি। সাদিও মানেদের বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ডে চলে যাবে তারা। তবে হারলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে সেক্ষেত্রে ক্যামেরুন ও গাম্বিয়ার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। গ্রুপ ‘সি’তে দুই ম্যাচে ১ জয় ও ড্র নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গিনি।
আজ বাংলাদেশ সময় রাত ১১টায় সেনেগালের বিপক্ষে ফিফা র্যাঙ্কিংয়ের ৮০ নম্বর দলটি মাঠে নামবে।