প্রথম বাংলাদেশি হিসেবে যে ‘অন্যরকম সেঞ্চুরি’ করলেন তামিম
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। চলমান বিপিএলে আরও একটি রেকর্ডের তালিকায় নাম লেখালেন দেশ সেরা ওপেনার।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তামিম। অবশ্য ১০০ ছক্কার মাইলফলককে সামনে রেখেই এবারের টুর্নামেন্ট শুরু করেছিলেন ফরচুন বরিশাল অধিনায়ক।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে তিন অঙ্কের সেই সংখ্যা স্পর্শ করেন তামিম। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম।
.png)
যার দ্বিতীয়টিই তামিমকে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে দেয়। তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।
বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন কেবল ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। বিপিএলে গেইল ছক্কা মেরেছেন ১৪৩টি, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস।
বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা যৌথভাবে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের। ইমরুলের কুমিল্লার ম্যাচ আছে আজ, তামিমের বরিশাল-সতীর্থ মুশফিক অবশ্য আজ ১ রান করেই আউট হয়ে গেছেন।