ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আগের চেয়েও কম টাকায় বাংলাদেশ দলের স্পন্সর রবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
আগের চেয়েও কম টাকায় বাংলাদেশ দলের স্পন্সর রবি
ছবি: ডেইলি বাংলাদেশ

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিটের দলের স্পন্সর হয়েছে টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রবিকে আগামী সাড়ে তিন বছরের জন্য জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে ২০১৫ সালে প্রথমবার বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল রবি। এরপর ২০১৭ সালে আরও তিন বছর মেয়াদ বাড়িয়ে অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত স্পন্সর হয়েছিল দেশের অন্যতম এই মোবাইল অপারেটরটি। সে সময় চুক্তির মূল্য ছিল ৬১ কোটি টাকা।

তবে এবার ৫০ কোটি টাকায় স্পন্সর স্বত্ব পেয়েছে রবি। অর্থাৎ আগের চেয়েও কম মূল্যে স্পন্সরশিপ পেয়েছে প্রতিষ্ঠানটি। বিসিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও রবির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেঠি।

Advertisement

স্পন্সর হলেও বিসিবিকে কঠিন এক শর্ত জুড়ে দিয়েছে রবি। শর্তটি হলো- চলতি বছরে জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনও খেলোয়াড় অন্য কোনো টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবেন না।

অর্থাৎ, ক্রিকেটাররা অন্য টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের কোনোরকম প্রচারণা করতে পারবেন না। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাজীব শেঠি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সাথে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। এ দেশের ক্রিকেটের অনেক ‘‘প্রথম’’ সাফল্যের সাথে রবির নামটি যুক্ত।’

তিনি আরো বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রবির ‘‘পারবে তুমিও’’ চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য নিয়ে আসবে। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

রবিকে স্বাগত জানিয়ে নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবি’র মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!