বিশ্বমঞ্চে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে উল্টো ভুল আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কি না, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এরই মধ্যে অবশ্য চট্টগ্রামে প্রথম তিন টি-২০ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
শুক্রবার চতুর্থ টি-২০তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এই সিরিজ ভুল আত্মবিশ্বাস তৈরি করছে না।
.png)
টাইগার পেসার বলেন, ‘আসলে ভুল আত্মবিশ্বাস না। ভালো করলে যেকোনো জায়গায়ই আত্মবিশ্বাস বাড়ে। হ্যাঁ, হয়তো আমরা জানি না যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে। বেশির ভাগ ড্রপ ইন উইকেটে খেলা হতে পারে। আমাদের বেশির ভাগ খেলোয়াড়েরই যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কম। মানিয়ে নিতে হবে। এখন বাংলাদেশে খেলছি, খেলতে তো হবে। কন্ডিশন তো আমরা বদলাতে পারব না।’
তাসকিন আরো বলেন, ‘যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হতো, তাহলে হয়তো ভালো হতো। তবু আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হচ্ছে।’