বিশ্বকাপের আগে ছন্দহীন পারফরম্যান্সে সমর্থকদের ভেতর শঙ্কা জেগেছিল বাংলাদেশের গ্রুপ পর্ব থেকে বিদায়ের। তবে সেই শঙ্কা উড়িয়ে সুপার এইটে ওঠাকে অনেক বড় অর্জন মনে করছেন বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শুক্রবার ভোরে অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার্স। হাথুরুর মতে, সুপার এইট পর্বে তারা যা পাবেন, সবই হবে বাড়তি পাওয়া।
.png)
বাংলাদেশ কোচ জানান, চাপ না থাকায় তারা অনেক বেশি স্বাধীনতা নিয়ে খেলবেন এবার, ‘সুপার এইটে আমরা স্বাধীনতা নিয়ে খেলব। প্রত্যেকটা ম্যাচে শক্ত চ্যালেঞ্জ দিয়ে সেরাটা বের করার চেষ্টা করব আমরা।’
সুপার এইটের আগে দলকে চাপমুক্ত রাখতে হাথুরুসিংহে বলছেন- তাদের হারানোর আর কিছু নেই, এবার যা পাবেন সবই বোনাস, ‘আমরা টুর্নামেন্টে এসেছিলাম সুপার এইটের লক্ষ্য নিয়ে। আমার মনে হয়, দারুণভাবে আমরা লক্ষ্য অর্জন করেছি। আমরা কন্ডিশন অনুযায়ী ভালো খেলেছি, এই কন্ডিশনকে নিজেদের পক্ষে কাজে লাগিয়েছি। কাজেই সুপার এইটে থাকতে পেরে আমরা খুশি। এবার যা-ই পাব সেটা আমাদের জন্য হবে বোনাস।’