ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যুক্তরাষ্ট্রের কোচ হতে রাজি পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০১, ১৫ আগস্ট ২০২৪
যুক্তরাষ্ট্রের কোচ হতে রাজি পচেত্তিনো
মাউরিসিও পচেত্তিনো- ফাইল ফটো

ক্লাব ফুটবলের অতি পরিচিত এক নাম মাউরিসিও পচেত্তিনো। চেলসির সদ্য সাবেক কোচের হাতে আপাতত নেই কোনো চাকরি। অভিজ্ঞতা, মেধা ও যোগ্যতা থাকলে চাকরিই তার পেছনে ছোটে- এমন চিরন্তন সত্যটা সাবেক আর্জেন্টাইন ফুটবলারের ক্ষেত্রেও সত্যি হতে চলেছে। এবার অবশ্য কোনো ক্লাব নয়, যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ৫২ বর্ষী কোচ।

স্ট্যামফোর্ড ব্রিজে মাত্র এক মৌসুমের দায়িত্বে থাকার পর এই গ্রীষ্মের শুরুতে পারস্পরিক সম্মতিতে ক্লাব ছাড়েন পচেত্তিনো। নতুন কোনো দল পাওয়ার অপেক্ষাটা দীর্ঘ হচ্ছে না।

ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন , বৃহস্পতিবার সূত্রের বরাতে জানায়, ইউনাইটেড স্টেটস সকার ফেডারেশনের (ইউএসএসএফ) টেকনিক্যাল ডিরেক্টর ম্যাট ক্রোকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের কোচ হতে তিনি রাজি হয়েছেন।

ইংলিশ প্রিমিয়ার লীগের দল সাউদাম্পটন এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আগে কাজ করেছিলেন ক্রোকার। যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া যুক্তরাষ্ট্র ঘরের মাঠে দারুণ পারফরম্যান্সে নজর কাড়তে মরিয়া। বিশ্বমানের কোচ নিয়োগের জন্য ইউএসএসএফ তাই নিজেদের প্রক্রিয়া চলমান রাখে।

লিভারপুলের কোচের দায়িত্ব ছাড়া ইয়ুর্গেন ক্লপ ক্লাবটির ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন। তার পরিবর্তে পচেত্তিনোকে অলরেডরা নিতে চাইলেও তা হয়নি। ক্লপের স্থলাভিষিক্ত হন আর্নে স্লট। ইংলিশ ক্লাবে না গিয়ে পচেত্তিনো যুক্তরাষ্ট্রের ফুটবলে একটি বড় ভূমিকা রাখতে সম্মত হন।

আগামী ৭ সেপ্টেম্বর কানসাস সিটিতে কানাডার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। পচেত্তিনোকে তার আগেই কোচ হিসেবে নিয়োগ দিতে চায় ইউএসএসএফ।

ইএসপিএন অবশ্য সূত্রের বরাতে আরো জানিয়েছে, ইংল্যান্ডের কোচের পদ থেকে ইস্তফা দেওয়া গ্যারেথ সাউথগেটের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসেবেও চেলসি ও পিএসজির সাবেক কোচকে বিবেচনা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!