ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাংলাদেশের প্রথম নারী হিসেবে শততম টি-২০ ম্যাচের চূড়ায় জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৭, ৩ অক্টোবর ২০২৪
বাংলাদেশের প্রথম নারী হিসেবে শততম টি-২০ ম্যাচের চূড়ায় জ্যোতি
নিগার সুলতানা জ্যোতি

এবারের নারী টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। যেখানে টস করার সঙ্গে সঙ্গে দারুণ এক মাইফলক স্পর্শ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে শততম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলতে নামছেন তিনি। 

অন্যরকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে থাকা জ্যোতি বিসিবির ডিজিট্যাল প্ল্যাটফর্মে বলেছেন, ‘এটা অন্যরকম এক অনুভূতি। একসাথে ম্যাচ খেলার অনুভূতি আসলে অন্যরকম। অনেক বেশি খুশি বলবো। হ্যাঁ, অনেক সময় আসলে অবাক লাগে। মনে হচ্ছিল যে এই কেবল ক্যারিয়ারে শুরু করেছি। দেখতে দেখতে প্রায় ১০০টা ম্যাচ হয়ে যাচ্ছে।’ 

গত ২৪ সেপ্টেম্বর বিশ্বকাপ স্কোয়াডের সকল খেলোয়াড়দের সঙ্গে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন জ্যোতি। সেদিনও নিজের শততম ম্যাচ নিয়ে কথা বলেছিলেন তিনি।

Advertisement

জ্যোতি বলেছিলেন, ‘প্রথম ম্যাচ স্পেশাল... তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল। আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে। একজন প্লেয়ার হিসেবে একশতম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারবো কি না। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।’ 

বাংলাদেশ জাতীয় পুরুষ দলের হয়ে এ পর্যন্ত চার ক্রিকেটার কমপক্ষে একশ টি-২০ ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ (১৩৮), পরের অবস্থানে সাকিব আল হাসান (১২৯)। মুস্তাফিজুর রহমান (১০৩) তৃতীয় সর্বাধিক ম্যাচ খেলেছেন। তার পরেই রয়েছেন মুশফিকুর রহিম (১০২)।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!