ক্যারিবীয়দের হারানোর লক্ষ্য, সেমির স্বপ্ন দেখছে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নারী টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমন পরিষ্কার বার্তাই দিয়েছেন দলটির অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শারজাহতে বি-গ্রুপের ম্যাচটি মাঠে গড়াবে। নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১ খেলাটি সরাসরি সম্প্রচার করবে। অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি দেখাবে টফি।
শক্তির বিচারে লাল-সবুজের দলের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। ২০১৪, ২০১৬ ও ২০১৮ টি-২০ বিশ্বকাপে দলটির বিপক্ষে তিনবার খেলে বাঘিনীদের পরাজয়ের স্বাদ পেয়ে হয়েছিল। এবার সেই বৃত্ত ভাঙতে চান জ্যোতিরা।
.png)
স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ ফরম্যাটের বৈশ্বিক আসরে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে ইংল্যান্ডকে ১১৮ রানে আটকে দিয়েও লক্ষ্য তাড়ায় মাত্র ৯৭ রানে আটকে গিয়ে হারতে হয়েছিল।
দলের দুর্বলতা ও সমস্যার জায়গা ব্যাটিং দুশ্চিন্তার কারণ হলেও জয়ের আশায় রয়েছেন টাইগ্রেস অধিনায়ক। তিনি বলেন, ‘গ্রুপপর্বে সবাই কিন্তু এখনো পর্যন্ত একটি করেই ম্যাচ জিতে আছে (দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড জিতেছে দুই ম্যাচ)। আমাদের এখনো সেমিফাইনালের দিকেই চোখ আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলতে পারলে আমাদের সেমিফাইনালের স্বপ্ন বেঁচে থাকবে। আমরা চাইব যেন সুযোগটা নিতে পারি।’
‘এটা খুবই দৃশ্যমান যে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যর্থ হয়েছি। গত দুই ম্যাচে আমাদের বোলাররা খুব ভালো কাজ করেছে। কিন্তু ব্যাটিং নিয়ে আমরা ধুঁকছি। কাজেই অবশ্যই আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখানে উন্নতি করতে চাই।’
এবারের বিশ্বকাপে ব্যাটি হাতে বাংলাদেশের অধিনায়ক নিজে ভালো কিছু করতে পারেননি। স্কটল্যান্ডের বিপক্ষে ১৮ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৫ রানের ইনিংস তার সামর্থ্যের সঙ্গে মানানসই নয়। ফর্ম ফিরে পাওয়ার বিষয়টি তিনি নিজেও উপলব্ধি করছেন।
‘আমি সবসময় উপভোগ করতে চাই। তবে ব্যাটিংয়ে যখন নামি, সবসময় আমার মাথায় থাকে যে টপ অর্ডার ব্যাটার হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে। পরিস্থিতির দাবি যা থাকে, তা মেটাতে হবে। তার পরও গত দুই ম্যাচে হয়তো নিজের খেলাটা আমি খেলতে পারিনি। দলের জন্য আরো অনেক কিছু অবশ্যই আমি করতে পারি। পরের ম্যাচে নিজের সেরাটা খেলতে চাই।’
স্কটিশদের হারালেও শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়ার আক্ষেপটা জ্যোতির মাঝে রয়েছে। আগের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে জিতে সেমিতে যাওয়ার রাস্তাটা তৈরি রাখার আকাঙ্ক্ষার কথাও তিনি জানান।
‘গত দুটি ম্যাচ আমাদের জন্য বেশ ভালো ছিল। একটিতে আমরা জিতেছি, একটি হেরেছি। তবে আমরা অনেক কিছু শিখেছি, বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে। সেই ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই, যা পরের ম্যাচে আমাদের সহায়তা করবে।’
‘ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো সুযোগ ছিল আমাদের। আমরা পারিনি, তবে সেই ম্যাচ এখন শেষ। পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চাই আমরা। আমার বিশ্বাস, সেই সামর্থ্য আমাদের আছে। এই দলটি গত কয়েক মাস ধরে এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা সবাই দলের জন্য ভালো করতে চাই। দেশে যে ক্রিকেটাররা আছে, তাদেরও একই চাওয়া। আগের দুই ম্যাচের ভুলগুলো সামনে আমরা আর পুনরাবৃত্তি করতে চাই না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে হলে আমাদের নিজেদের সেরাটা দিতে হবে।’