ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগদানের আহ্বান শায়খে চরমোনাইর

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২০, ১ নভেম্বর ২০২৬
শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনে যোগদানের আহ্বান শায়খে চরমোনাইর
বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘দাওয়াতি মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম।

দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

রোববার দুপুর ১টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রঘোষিত ‘দাওয়াতি মাস’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, “প্রচলিত শাসনব্যবস্থায় মানুষের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” দেশ ও মানবতার কল্যাণে ইসলামের সুমহান আদর্শের পক্ষে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়ে তিনি বলেন, “শরীয়াহ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিন।”

দাওয়াতি মাসের তাৎপর্য তুলে ধরে তিনি আরও বলেন, এটি কেবল কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং মানুষের কাছে ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করার এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ সময় তিনি প্রতিটি পাড়া-মহল্লায় দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে দিতে সংগঠনের দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে শায়খে চরমোনাইর হাত ধরে শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। তিনি নবাগতদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করার পরামর্শ দেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার দাওয়াতি মাস সফল করতে মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করার নির্দেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/বিএম/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!