বৃষ্টি শুরু হতেই দর্শনার্থীদের ভোগান্তি বাড়ে। বিভিন্ন স্টলের সামনে নিজেকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতে আশ্রয় নিতে দেখা যায়। অন্বেষা প্রকাশনির স্টলে আশ্রয় নেয়া রাজধানীর রামপুরা থেকে আসা সাবিনা আফরিন জানান, বাসা থেকে বের হওয়ার সময় রোদ দেখেছি। মেলায় ঢুকতেই শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি। ছোট মেয়েকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছি।
তিনি আরো বলেন, প্রথমবার মেয়েকে নিয়ে মেলায় এসেছি। ঘুরে ঘুরে কিছু বই কেনার ইচ্ছা ছিল; কিন্তু বৃষ্টি একটু থামলেই চলে যাব। বৃষ্টির জন্য শীতের প্রকোপ বাড়বে। ঘোরার আশা থাকলেও প্রকৃতির বৈরিতার জন্য আর থাকা হচ্ছে না।
.png)
তবে বৃষ্টির ভেতরেও অনেক দর্শনার্থীদের বন্ধুবান্ধব নিয়ে ভিজতে দেখা গেছে। ঢাকা কলেজের আবির হোসেন বলেন, প্রথমবার বইমেলায় এসে বৃষ্টি পেয়েছি। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই দলবেধে ভিজতেছি এবং সম্পূর্ণ মেলা ঘুরে দেখছি। সময়কে উপভোগ করার চেষ্টা করছি।
মেলা উপলক্ষে অনেকে দেশের বিভিন্ন স্থান থেকে বই কিনতে এসেছে। তাদের ভেতর শাহিন হোসেন একজন। তিনি বলেন, সারাবছর ঢাকায় কোনো কারণে আসা হয় না তবে মেলা উপলক্ষে আসা হয়। আজই এসেছি মেলায়। ঢুকতেই বৃষ্টির জন্য আশ্রয় নিয়েছি লেখক বলছি মঞ্চে। এত কষ্ট করে এসে বইমেলার প্রাঙ্গণ ঘুরে বই কিনতে না পারছি না। কিছুটা খারাপও লাগছে।
এদিকে বৃষ্টি শুরু হতেই বাংলা একাডেমি থেকে বলা হয় লেখকমঞ্চ এবং বই উন্মোচনের স্থানটিতে লেখক-পাঠক-দর্শনার্থীরা আশ্রয় নিতে পারবে।
উল্লেখ, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ছাড়া দেশের বাকি সাত বিভাগে বৃষ্টি হতে পারে। মেঘ-বৃষ্টির এ পরিস্থিতি আগামী দুদিন থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টির আভাস দিলেও রাতের তাপমাত্রা বাড়বে এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।