ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৫:৫০, ২১ এপ্রিল ২০২২
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত বুলবুল আহমেদ ওরফে মনির- ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃত বুলবুল আহমেদ ওরফে মনির (২২) নাটোর জেলার বাগাতিপাড়া থানার বাগাতিপাড়া পৌরসভার মুরাদপুর গ্রামের মো. সাদেক আলীর ছেলে। বর্তমানে সে রাজধানীর মিরপুর এলাকায় বসবাস করে আসছিল।

Advertisement

মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে ৪ টায় এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল রাজধানীর মিরপুর মডেল থানার সনি সিনেমা হলের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকালে তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও তিনটি সীম কার্ড উদ্ধার করা হয়।

এসপি মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতারকৃত মনির সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অষ্টম পর্বের ছাত্র। মনিরের ফেসবুকসহ বিভিন্ন অনলাইন যোগাযোগ মাধ্যমে ‘আনসারুল্লাহ বাংলা টিম’র মতবাদপ্রচারের জন্য উগ্রবাদী বই ও প্রচারপত্র তৈরি করতো। সে অনলাইনে তার সহযোগী অন্যান্য আইডির সঙ্গে এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে জিহাদের আর্মড কমব্যাট প্রশিক্ষণের ভিডিও ও জিহাদের ময়দানে শরিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করার পাশাপাশি দেশবিরোধী পরিকল্পনা করে আসছিল। এছাড়া তার ফেইসবুক আইডির মাধ্যমে সে বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র, হত্যা, জনমনে ত্রাস ও ভীতি সঞ্চার এবং জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, প্রশিক্ষণ ও অস্ত্র সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা আরো জানান, এ সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে সে খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করছিল। তার ব্যবহৃত মোবাইলে বাংলাদেশ সরকারবিরোধী ষড়যন্ত্র সংক্রান্ত বিভিন্ন লিংক পাওয়া গেছে। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা  করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জঙ্গিবাদ
লিংক সফলভাবে কপি হয়েছে!