ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ট্রেনের জানালা দিয়ে লাফিয়ে ছিনতাইকারী ধরলেন তরুণী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩, ২৬ অক্টোবর ২০২২
ট্রেনের জানালা দিয়ে লাফিয়ে ছিনতাইকারী ধরলেন তরুণী
ফাইল ফটো

ট্রেনের জানালা দিয়ে এক তরুণীর মোবাইল ছিনিয়ে নিয়েই দৌড় দিলো ছিনতাইকারী। মোবাইলের মালিক একটুও দেরি না করে লাফিয়ে পড়লেন ট্রেনের জানালা দিয়ে। দৌড়ে অনেক দূর গিয়েও শেষ রক্ষা হয়নি ছিনতাইকারীর। শেষ পর্যন্ত নিজের মোবাইল উদ্ধার করে আবার ট্রেনে উঠলেন ঐ তরুণী।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি ট্রেনে এ ঘটনা ঘটে। স্টেশনে ট্রেনটি থামা মাত্রই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক তরুণীর এই সাহসী তৎপরতা প্রসংশা কুড়িয়েছে স্টেশন ও ট্রেনে থাকা সবার।

জানা গেছে, লাবনী আক্তার নামে ঐ তরুণী একজন বক্সার। জাতীয় পর্যায়ে খেলতে ট্রেনে ঢাকায় আসার পথেই তার সঙ্গে এ ঘটনা ঘটে।

Advertisement

লাবনী জানান, আগেরদিন রাতেই নতুন ফোনটি কিনেছিলেন। ঢাকায় আসার পথে নিজের নতুন মোবাইলটি বের করেন নাটক দেখবেন বলে। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই জানালা দিয়ে মোবাইল নিয়ে নেয় ছিনতাইকারী।

তিনি বলেন, টান দিলে মোবাইলটা ট্রেনের বাইরে নিচে পড়ে যায়। ছিনতাইকারী যখন নিচ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই আমি জানালা দিয়ে জাম্প করি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকটা পথ দৌড়ানোর পর এক জায়গায় গিয়ে ছিনতাইকারী বসে পড়ে। হয়তো ভেবেছে বসে পড়লে তাকে দেখতে পাবে না। মোবাইলটা সেখানে ময়লার মধ্যে রেখেই আবার দৌড় দেয়। এরপর একটা বাউন্ডারি টপকে পালানোর চেষ্টা করলে তার পা ধরে টেনে নামান ঐ তরুণী। এরপর তাকে ধরে নিয়ে আসা হয় প্রথম যেখানে বসেছিল সেখানে। তখন আরেকটি ফোন দিয়ে কল দিলে ময়লার নিচে তার মোবাইল বেজে ওঠে।

ময়মনসিংহের বাসিন্দা বক্সার লাবনী আক্তার বলেন, বক্সিংয়ে আমি ব্ল্যাক বেল্ট হোল্ডার। ৪ বছর ১০ মাস ধরে প্র্যাকটিস করছি। জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!