বিমানবন্দরে ১১৬৩ কচ্ছপসহ যাত্রী গ্রেপ্তার
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশীয় প্রজাতির ১ হাজার ১৬৩টি ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ পাচারের সময় এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ অভিযানে এসব কচ্ছপ জব্দ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালানো হয়। অভিযানে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার, পুলিশ, প্রাণিসম্পদ অধিদপ্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাটিক এয়ারের একটি ফ্লাইটে মালয়েশিয়াগামী যাত্রী শহীদুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে ১ হাজার ১৬৩টি জীবন্ত ‘কড়ি কাইট্টা’ কচ্ছপ উদ্ধার করা হয়।
আটক শহীদুল ইসলামের বাড়ি টাঙ্গাইলের মাহমুদনগরের হাসানাবাদ এলাকায়।
বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, জিজ্ঞাসাবাদে শহীদুল পাচারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি। তবে অর্থের বিনিময়ে লাগেজ পার করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন বলে তিনি জানিয়েছেন।
বন্যপ্রাণী পরিদর্শক বলেন, এই পাচারের পেছনে আরও একটি চক্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ওই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।