বিমানকর্মীদের জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।
.png)
গোপন সংবাদের ভিত্তিতে সিআইআইডির কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেন। পরে দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের EK0582 ফ্লাইটের দুই বিমানকর্মীর চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তাদের পরা জুতার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। উদ্ধার করা ৮০টি বারের প্রতিটির ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে স্বর্ণের পরিমাণ প্রায় ৯ দশমিক ৩৪ কেজি।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, বিমানকর্মীদের জুতার ভেতরে স্বর্ণ লুকিয়ে আনার ঘটনাটি চোরাচালানের অভিনব কৌশল। স্বর্ণগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, ঢাকায় কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি সংঘবদ্ধ চক্র বিমানকর্মীদের ব্যবহার করে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করে থাকতে পারে। এ ঘটনায় সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।