ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পুলিশ কর্মকর্তার ভাড়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ২১ অক্টোবর ২০২৬
পুলিশ কর্মকর্তার ভাড়া বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪
ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি

রাজধানীর ভাটারায় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮৪ জন তরুণ-তরুণীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে ভাটারা থানাধীন পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকার একটি তিনতলা বাড়িতে এ অভিযান চালায় ডিবির উত্তরা বিভাগ।

আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। তাদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিক এবং এক পুলিশ কর্মকর্তার দুই মেয়ে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযান চালানো বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। ঘটনার পর তাকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অনলাইনে ভাড়া দেওয়া হতো বাড়িটি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভাটারার পুলিশ হাউজিং এলাকায় সাড়ে ছয় কাঠা জমির একটি অংশে নির্মিত তিনতলা বাড়িটি অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হতো।

দেশি-বিদেশি বিভিন্ন ব্যক্তি বাড়িটি স্বল্প সময়ের জন্য ভাড়া নিতেন। কেউ রাতযাপন করতেন, আবার কেউ সেখানে পার্টির আয়োজন করতেন। বাড়িটির দেখভালের দায়িত্বে ছিলেন মাহবুব আলম নামের একজন কো-হোস্ট।

অভিযোগ রয়েছে, বাড়িটি ভাড়া নিয়ে বিভিন্ন সময় ডিজে পার্টির আড়ালে মাদক সেবনসহ নিষিদ্ধ কর্মকাণ্ড চলত। অনলাইন বুকিং থেকে পাওয়া আয়ের ৭০ শতাংশ বাড়ির মালিকের অ্যাকাউন্টে জমা হতো বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

মাসে ১৮ থেকে ২০টি পার্টির আয়োজন

ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, বাড়িটিতে অসামাজিক ও নিষিদ্ধ কর্মকাণ্ড চলার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, বাড়িটিতে পাঁচটি কক্ষ রয়েছে। অনলাইনে বুকিং দিয়ে একেকটি কক্ষ একাধিক ব্যক্তি ভাড়া নিতেন। অতিরিক্ত অতিথির জন্য জনপ্রতি ৬০০ টাকা নিবন্ধন ফি নেওয়া হতো।

ডিবির এই কর্মকর্তা আরও জানান, সেখানে মাসে প্রায় ১৮ থেকে ২০টি অনুষ্ঠানের আয়োজন করা হতো। কোনো কোনো অনুষ্ঠান দুপুর থেকে পরদিন সকাল পর্যন্ত চলত। একেকটি অনুষ্ঠানের জন্য প্রায় এক লাখ টাকা পর্যন্ত ভাড়া নেওয়ার তথ্য পাওয়া গেছে।

অভিযানে মদ, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও কনডম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি

এ ঘটনার পর মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা অফিস আদেশে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখা থেকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

এদিকে ভাটারায় ওই পুলিশ কর্মকর্তার জমি কেনার অর্থের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে কোনো অনিয়ম প্রমাণিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

যা বললেন বাড়ির মালিক

অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির যুগান্তরকে বলেন, তিনি অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়ে থাকেন এবং ভাড়াটিয়াদের জন্য কিছু কঠোর নিয়মও রয়েছে।

বাড়িতে কোনো অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকলে তার দায় এড়ানোর সুযোগ নেই বলে স্বীকার করেন তিনি। তবে অসৎ উদ্দেশ্যে বাড়িটি ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

তিনি জানান, এবার জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের কথা বলে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে মাদক আনা বা নিষিদ্ধ কর্মকাণ্ডের পরিকল্পনা সম্পর্কে তিনি জানতেন না।

এর আগেও ভাড়াটিয়ারা অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!