খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ৮৫৭ জনের করোনা শনাক্ত
খুলনায় বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। করোনার লাগাম টেনে ধরা যাচ্ছে না। করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ রুখতে সচেষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের করোনা শনাক্ত হয়েছে ৮৫৭ জনের। খুলনা জেলা গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৬০। নমুনা পরীক্ষা ৬৫১। শনাক্তের হার ৩৯ দশমিক ৯৪ শতাংশ। তবে এই সময়ে বিভাগে কোন রোগীর মৃত্যু হয়নি।
শুক্রবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৮৫৭ জন। এর মধ্যে শীর্ষে রয়েছে খুলনা। এই জেলায় সর্বোচ্চ ২৬০ জনের শনাক্ত হয়েছে। আর কুষ্টিয়ায় ২১৩ জন, যশোরে ৯৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া সাতক্ষীরায় ৬১জন, ঝিনাইদহে ৫২ জন, বাগেরহাটে ২৯ জন, চুয়াডাঙ্গায় ৫১ জন, নড়াইল ৩২ জন, মাগুরায় ৪৪ জন ও মেহেরপুরে ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের ওই প্রতিবেদনে আরও জানা যায়, খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২০ হাজার ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ৯ হাজার ৬১৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২০৪ জন।
.png)
শনাক্ত সংখ্যা বিবেচনায় জেলাগুলোর মধ্যে শীর্ষে আছে খুলনা। এখানে ২৯ হাজার ৭৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের সংখ্যায় সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৩৮৬ জন। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮১০ জন। আর মৃতের সংখ্যায় সবচেয়ে কম সাতক্ষীরায় ৮৮ জন।
খুলনা ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে হাসপাতালের ৪২ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৯ জন, রেডজোনে ১১ জন এবং ইয়েলো জোনে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।