শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া ইউপির মধ্য চারাবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বোন জামাই এলাকার মানিক মুন্সির ছেলে মনির হোসেন।
প্রতিবেশী ও আহতরা জানায়, এক বছর আগে নির হোসেনের সঙ্গে একই এলাকার ফয়েজ মিয়ার মেয়ে ফারজানা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে ফারজানা খাতুনের ভাইদের কাছে মনির কয়েক লাখ টাকা যৌতুক দাবি করেন। বোনের সংসারের উন্নতি ও শান্তির জন্য ভাইয়েরা কয়েক লাখ টাকা যৌতুক দেন।
.png)
ঘটনার রাতে যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও কয়েক লাখ টাকা দাবি করেন মনির। এ সময় বাবার বাড়ি থেকে যৌতুক না আনতে চাইলে মনির স্ত্রী ফারজানাকে মারধর শুরু করে। এ সময় প্রতিবেশিরা মারধরের বিষয়টি ফারজানার ভাই ফিরোজ কবির, জহিরুল ইসলাম ও মমিনুল ইসলামকে জানায়।
পরে তিন ভাই বোনের বাড়িতে উপস্থিত হয়ে মারধরের বিষয়ে জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে বোন জামাই মনির হোসেন ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে গৃহবধূ ফারজানার তিন ভাইকে কুপিয়ে আহত করে। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত তিন ভাই জানান, স্থানীয়রা সঠিক সময়ে ঘটনাস্থলে না এলে বোন জামাই তাদের খুন করে পালিয়ে যেত।
আশুলিয়া থানার এসআই সাইমন বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।