ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিক লাপাত্তা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ৮ ডিসেম্বর ২০২০
স্বামীর সংসার ছেড়ে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিক লাপাত্তা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইলের সখীপুরে প্রেমের টানে স্বামীর সংসার ছেড়ে ৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা। এদিকে ঘটনার পরের দিন থেকেই উধাও হয়েছেন প্রেমিক জাহাঙ্গীর আলম। 

উপজেলার দাড়িয়াপুর ইউপির আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, আকন্দপাড়ার প্রতিবেশি চাচাতো ভাই বোন একই ক্লাসে পড়তো। সেই থেকেই তাদের পছন্দ আর ভালবাসা। পরে মেয়েটির পার্শ্ববর্তী গ্রামে বিয়ে হলেও তাদের মোবাইলে সম্পর্ক থেকেই যায়। 

Advertisement

গত ৮ দিন আগে তাদের সম্পর্কের কথা জানতে পারেন স্বামী। এরপর ওই প্রেমিকার প্রেমিককে বিয়ের চাপ দেয়। পরে ওই প্রেমিকা স্বামীর সংসার ছেড়ে ৫ দিন আগে গত বৃহস্পতিবার প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। পরে মেয়ের পরিবার খবর পেয়ে এলাকার চেয়ারম্যান ও মেম্বারকে জানায়। 

ঘটনার পরদিন সালিশী বৈঠকে বিষয়টি মীমাংসা করা হলেও একদিন পরেই ছেলের পরিবার মীমাংসা না মেনে ছেলেকে ভাগিয়ে দেয়। তারপর থেকেই মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান নেয়। 

প্রেমিক জাহাঙ্গীরের পরিবারের লোকজন মেয়ে বিবাহিত ও বয়স বেশি বলে ছেলেকে অন্যত্র পাঠিয়ে দেয়ার বিষয়টি স্বীকার করেন। 

অপরদিকে মেয়ের বাবার দাবি জাহাঙ্গীর তার মেয়ের সংসার ভেঙে দিয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। পরিবারের পক্ষ থেকেও এর কোনো সুরাহা করছেন না। বিষয়টি মীমাংসায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ বলেন, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। মেয়ের পক্ষ মানছে কিন্তু ছেলে পক্ষ মানছে না বলেও জানান। 

সখীপুর থানার ওসি মো. আমির হোসেন বলেন, বিষয়টি শুনেছি। এ ব্যাপারে কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!