ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটি খুঁড়তে গিয়ে মিলল বিষ্ণুমূর্তি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২২ মার্চ ২০২১
মাটি খুঁড়তে গিয়ে মিলল বিষ্ণুমূর্তি
বিষ্ণুমূর্তি

বগুড়া জেলার কাহালু উপজেলায় মাটি খুঁড়তে গিয়ে ৮৬ কেজি ওজনের পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। সোমবার উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়ায় একটি পুকুর খনন করার সময় ওই মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয়রা জানান, দেওগ্রামে সরকারি খাস পুকুরে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার সময় মাটির সঙ্গে ওঠে আসে বিশাল আকৃতির বস্তু। ওটা চিনতে না পেরে মেশিনের চালক অন্যদের ডেকে আনেন। পরে স্থানীয় লোকজন এসে মূর্তিটি চিনতে পারেন। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান খান বদর বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ৮৬ কেজি ওজনের বিষ্ণুমূর্তিটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে। আদালতের সিদ্ধান্ত নিয়ে মঙ্গলবার মূর্তিটি মহাস্থান জাদুঘরে প্রদান করা হবে।

এ জাদুঘরের কাস্টডিয়ান রাজিয়া সুলতানা জানান, তিনি কাহালু থানার ওসির সঙ্গে কথা বলেছেন। ওসি জানিয়েছেন, আদালতের আদেশ নিয়ে মূর্তিটি হস্তান্তর করবেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!