বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজি মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে বুধবার বিকেলে জরুরি এক অনলাইন সভার আয়োজন করা হয়। সভায় জেলার ভারতীয় সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি নজরদারি বৃদ্ধি ছাড়াও ভারত থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, প্রয়োজনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, করোনা প্রতিরোধে ব্যাপক প্রচারণা, মাইকিং, মাস্ক পরিধান নিশ্চিতকরণ, কঠোরভাবে স্বাস্থ্য বিধি প্রতিপালন, যানবাহনে সর্বোচ্চ স্বাস্থ্য বিধি প্রতিপালনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয় এবং করোনাভাইরাসে আক্রান্তদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা ও সেবাদাতা এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আবশ্যিকভাবে টেস্টের আওতায় আনার বিষয়ে আলোচনা করা হয়।
জরুরি এ অনলাইন সভায় জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অংশ নেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়া, নেত্রকোনা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া, নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা প্রমুখ।
নেত্রকোনা বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এএসএম জাকারিয়া বলেন, রোববার অনলাইন সভার পর থেকেই সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরো বৃদ্ধি করা হয়েছে। নেত্রকোনায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সীমান্ত এলাকায় সব সময়ই সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
এ বিষয়ে নেত্রকোনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সেলিম মিয়ার সাথে কথা হলে তিনি জানান, নেত্রকোনায় তুলনামূলকভাবে করোনা সংক্রমণের হার অনেকটাই কম। এ পর্যন্ত নেত্রকোনায় মোট করোনা শনাক্তের সংখ্যা ১১৬৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০৩৯ জন এবং মারা গেছেন ২১ জন।
তিনি বলেন, তবে সম্প্রতি ভারতীয় সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় করোনা সংক্রমণ কিছুটা বেড়ে গেছে। এ উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন এবং মারা গেছেন ২ জন। তবে আক্রান্তদের মধ্যে ৪০ জনই সুস্থ হয়ে গেছেন। সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় যাতে করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে সে লক্ষে অনলাইন সভায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এদিকে শুরু থেকেই করোনা সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি কার্যকর করতে নেত্রকোনা স্বাস্থ্যবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান সিভিল সার্জন।