শনিবার (০৫ জুন) দুপুরে রংপুর নগরীর সর্দারপাড়া এলাকা থেকে উক্ত চার ছাত্রকে গ্রেপ্তার করে তাজহাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী এলাকার বারেক মিয়ার ছেলে শাহ আলম সাদেক (২৬), একই জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা এলাকার পুলিন চন্দ্রের ছেলে এবং বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সপ্তম ব্যাচের ছাত্র জগত পতি (২৬), পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার মংলু চন্দ্রের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র দুলাল চন্দ্র (২৭) এবং নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী এলাকার কলিমুদ্দিন মণ্ডলের ছেলে ও বেরোবির ইংরেজি বিভাগের পঞ্চম ব্যাচের ছাত্র মানিক রহমান সাজু (২৭)।
.png)
তাজহাট থানা সূত্র জানিয়েছে, আটকরা ফেসবুকে ‘সিনথিয়া’ নামে একটি ভুয়া আইডি খুলে নীলফামারীর আসাদুজ্জামানকে (২৬) প্রেমের ফাঁদে ফেলেন। চক্রটি দীর্ঘদিন ধরে মেয়েলি কণ্ঠে তার সঙ্গে কথাও বলে আসছিলেন। এরপর শনিবার দুপুরে তাকে দেখা করার কথা বলে রংপুর নগরীর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে আসা হয়।
দুপুর ১টার দিকে ৬-৭ জন মিলে আসাদুজ্জামানকে কৌশলে জিম্মি করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে জঙ্গলের ভেতর নিয়ে যান। সেখানে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তার পরিবারের কাছে ফোনের মাধ্যমে টাকা দাবি করা হয়। একপর্যায়ে মারধর করে বিকাশে ২৩ হাজার টাকা নেয়ার পাশাপাশি একটি ফাঁকা স্ট্যাম্পে সই নেয় চক্রটি।
পরে আসাদুজ্জামানকে ছেড়ে দিলে বিষয়টি পুলিশকে জানান তিনি। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ সর্দারপাড়া থেকে অপহরণকারীদের আটক করে। একই দিন সন্ধ্যায় আসাদুজ্জামান বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছেন। বাকি অজ্ঞাত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।