পুলিশের সহায়তায় ফুটফুটে সন্তানের জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী
প্রসব বেদনায় ফুটপাতে কাতরাতে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। পাশাপাশি তার প্রসব পরবর্তী চিকিৎসা ও নবজাতকের দেখভালের ব্যবস্থাও করেছেন বাহিনীটির সদস্যরা।
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে সোমবার (৭ জুন) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম নগরের হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকায় পুলিশ সদস্যরা ওই নারীকে হাসপাতালে নেন।
পুলিশ জানায়, নয়াবাজারের পাশে ফুটপাতে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। স্থানীয়রা বিষয়টি দেখে ফোন করেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। কন্ট্রোল রুম থেকে বিষয়টি জানানো হয় হালিশহর থানায়। সঙ্গে সঙ্গে থানার এসআই সতেজ বড়ুয়ার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায়।
.png)
এরপর ওই নারীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। পরে নবজাতক ও তার মাকে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। এরপর ওই নারী শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর সদ্যজাত শিশুটিকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে ওই মা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন এবং নবজাতক পুলিশি হেফাজতে সুস্থ আছে বলে জানা গেছে।
তাদের উদ্ধারকারী কর্মকর্তা এসআই সতেজ বড়ুয়া জানান, প্রথমে মানসিক ভারসাম্যহীন নারীকে ফুটপাত থেকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন। স্থানীয় এক এনজিও কর্মী এবং হাসপাতালের মালিক বিল পরিশোধের ব্যবস্থা করেন। এরপর তাদের চেকআপের জন্য চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই। সেখানে চেকআপ শেষে নবজাতক সুস্থ হওয়ায় তাকে আমরা হেফাজতে নিয়ে এক দম্পতিকে দেখভালের দায়িত্ব দেই। এরপর মা অসুস্থ হওয়ায় তাকে আবার চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের বিল আমি ব্যক্তিগতভাবে পরিশোধ করি।
তিনি আরো জানান, মঙ্গলবার নবজাতককে আদালতে হাজির করে দেখভাল করার বিষয়ে নির্দেশনা চাওয়া হবে।