রোববার থেকে ফেরিঘাটে করোনা পরীক্ষা শুরু
মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে সরকারিভাবে করোনা পরীক্ষার কাযর্ক্রম শুরু হবে আগামীকাল রোববার দুপুর থেকে।
পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। দুই ঘাটে দুটি বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হবে। এ অবস্থায় ট্রাক শ্রমিকদের মাধ্যমে করোনা যেন ছড়িয়ে না পড়ে।
প্রশাসনের পক্ষ থেকে জানান, সীমান্তবর্তী যে সকল জেলাগুলোতে লকডাউন চলছে ওই সকল সীমান্ত এলাকা থেকে মৌসুমি ফল আমসহ বিভিন্ন মালামাল নিয়ে প্রতিদিন দেশের নানা প্রান্তে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে আসা যানবাহনের চালক ও তাদের সহযোগীরা অনেকেই করোনা সংক্রমণ ঝুঁকিতে রয়েছেন।এদের মধ্যে নেই কোনো স্বাস্থ্য সচেতনতা।
.png)
এ অবস্থায় ট্রাক শ্রমিকদের মাধ্যমে করোনা যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আগামীকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচাঘাটে সরকারিভাবে করোনা পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট ঘাট দিয়ে ফেরিতে প্রতিদিন সীমান্তবর্তী বিভিন্ন জেলার শত শত ট্রাক পার হয়। বিশেষ করে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে ট্রাকে আম নিয়ে রাজধানীসহ বিভিন্ন এলাকায় যাচ্ছে। এসব ট্রাকের চালক ও তাদের সহযোগীরা ওই এলাকায় অবস্থান করার কারণে করোনা ছড়ানোর একটি সম্ভাবনা রয়ে যায়। তাই এ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, জেলা করোনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পাটুরিয়া ও আরিচাঘাটে করোনা পরীক্ষা শুরু হবে। সীমান্ত এলাকার ট্রাক শ্রমিকরা এলাকায় যাতে সংক্রমণ বাড়াতে না পারে বা ডেল্টা ভ্যারিয়েন্ট যেন ছড়িয়ে না পড়ে সেজন্য ট্রাক শ্রমিকদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আধা ঘণ্টার মধ্যেই এ পরীক্ষার ফল পাওয়া যাবে। কারো করোনা পজিটিভ হলে তাকে আইসোলেশনে নেয়া হবে। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হবে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে তারা চলে যেতে পারবে।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ আরো বলেন, কাজটি বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে। এরপরও কয়েকটি দফতরের সমন্বয়ে এটি বাস্তবায়ন করা হবে। যখন যেখানে যা করা প্রয়োজন সে অনুযায়ী দফতরগুলো কাজ করবে বলে জানান তিনি ।
বিশেষঞ্জরা বলেন, দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে রাত দিন ২৪ ঘণ্টাই যানবাহন পারাপার হয়। তাই ২৪ ঘণ্টাই নমুনা সংগ্রহের ব্যবস্থা না করা হলে এ কাযর্ক্রমের সুফল মিলবে না বলেও জানান তারা।