ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিতু হত্যা মামলার তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ১২ জুলাই ২০২১
মিতু হত্যা মামলার তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাহমুদা খানম মিতু (ফাইল ছবি)

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার পলাতক তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা।

আসামিরা হলেন- কামরুল ইসলাম শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ভোলা ও খায়রুল ইসলাম কালু। এর মধ্যে এহতেশামুল হক ভোলা জামিন নেয়ার পর থেকে পলাতক রয়েছেন।

Advertisement

সন্তোষ কুমার চাকমা বলেন, ৫ জুলাই মাহমুদা খানম মিতু হত্যা মামলার তিন আসামির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে সোমবার আদালত এ নিষেধাজ্ঞা জারি করেন।

১২ মে দুপুরে বাবুল আক্তারসহ আটজনের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় হত্যা মামলাটি করেন মিতুর বাবা মোশাররফ হোসেন।

মামলার অন্য আসামিরা হলেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, সাইদুল ইসলাম সিকদার ওরফে শাকু ও শাহজাহান মিয়া। তারা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন।

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের জিইসি মোড়ের কাছে ওআর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!