ডাকাতদলের গুলিতে ট্রাকচালক নিহত, গ্রেফতার আরো ১
চট্টগ্রামের সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকে ডাকাতদলের গুলিতে চালক নিহতের ঘটনায় অস্ত্র-গুলিসহ আরো একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার।
এর আগে, মঙ্গলবার রাতে উপজেলার শীতলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুর রহমান ভুট্টো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ছতুরা এলাকার আব্দুল খালেকের ছেলে। বর্তমানে নগরের বায়েজিদ বোস্তামী থানার নবীনগর এলাকায় থাকতেন তিনি।
.png)
এএসপি জানান, ডাকাতদলের গুলিতে ট্রাকচালক নিহতের ঘটনায় অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। ওই মামলায় শীতলপুর এলাকা থেকে আব্দুর রহমান ভুট্টোকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন তিনি।
এএসপি আরো জানান, আব্দুর রহমান ভুট্টো ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়ক এলাকার সংঘবদ্ধ ডাকাতদলের সক্রিয় সদস্য। তার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে, এ ঘটনায় ২৪ জুলাই ভোরে ঢাকার সাভার উপজেলার দেওগা এলাকা থেকে দু’জনকে গ্রেফতার করে র্যাব।
তারা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার চুনাতিয়া এলাকার আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন ওরফে বাচা ও মো. তুহিন। এরমধ্যে সাদ্দাম সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল ও তুহিন নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর এলাকায় থাকতেন।
গত ১৬ জুলাই ভোরে ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কে ডাকাতদলের কবলে পড়ে গরুবাহী ট্রাকটি। ওই সময় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে তাদের গুলিতে চালক আবদুর রহমান নিহত হন। তিনি যশোরের চৌগাছা উপজেলার চন্দাগ্রাম এলাকার মো. বশির মিয়ার ছেলে।