৬০০ একর জমির জলাবদ্ধতা দূরীকরণে পাইপলাইন স্থাপন
শেরপুরের নালিতাবাড়ীতে আমন ফসলের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে প্রায় ৬০০ একর জমির জলাবদ্ধতা দূরীকরণে উপজেলার যোগানিয়া ও মরিচপুরান ইউপিতে পাইপলাইন স্থাপন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু এ পাইপ লাইন স্থাপনের কাজে এগিয়ে এসেছেন। এরই মধ্যে কৃষকের ওই জমিতে পাইপ লাইন স্থাপনের কাজ শুরু করা হয়েছে।
জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা পরিষদের টিআর প্রকল্পের গৃহিত অর্থ থেকে কৃষকের আমন ফসলের উৎপাদন ও ফলন বৃদ্ধিতে মোটা পাইপলাইন স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। যোগানিয়ার কোন্নগর, মরিচপুরান এলাকার কৃষকের জলাবদ্ধতায় নিমজ্জিত নিচু জমির পানি এই পাইপ লাইন দিয়ে পানি অপসারিত হয়ে খালে ও নিচু জমিতে চলে যাবে। এতে ওই এলাকার কৃষকের ৬০০ একরের অধিক জমি এবার আমন আবাদের আওতায় আসবে।
.png)
এই প্রকল্প গ্রহণে জলাবদ্ধতা কমানোর পাশাপাশি কৃষকের দু’ফসলি জমিতে আবাদ করার সুযোগ সৃষ্টি হল।
নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু বলেন, কৃষক তাদের নিচু জমির পানি সরাতে জলাবদ্ধতার কথা জানালে দ্রুত টিআর প্রকল্প থেকে ব্যবস্থা গ্রহণ করি। এই প্রকল্প গ্রহণ করায় এবারই কৃষক যাতে আমন ফসল ঘরে তুলতে পারে সেই জন্য এই পাইপলাইন স্থাপন প্রকল্প গ্রহণ করি। আশা করি কৃষক তার কাঙ্খিত ফসল ঘরে তুলতে পারবে।