গাইবান্ধায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে বাবলু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন চারজন।
শুক্রবার সকালে পবিত্র আশুরার চাল তোলার জেরে উপজেলার শান্তিরাম ইউপির মধ্যশান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আশুরা উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদ-মাহফিল ও বিশেষ ভোজের আয়োজন করার কথা। এজন্য সকালে স্থানীয় পর্যায়ে চাল সংগ্রহ করতে যান মধ্যশান্তিরাম গ্রামের বাবলু মিয়া, ইউনুছ আলীসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি। এসময় একই গ্রামের আইয়ুব আলী, জহুরুল হক, সুমন মিয়া, শহিদুল ইসলামসহ কতিপয় ব্যক্তি এর বিরোধিতা করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আইয়ুব আলী ও তার লোকজন বাবলু মিয়াসহ তার লোকজনকে কিল-ঘুষিতে মারতে থাকে। এতে বাবলু মিয়াসহ তার পক্ষের তিনজন আহত হন। এর মধ্যে গুরুতর বাবলু মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান। আহত অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন একই গ্রামের ইউনুছ আলী ও ময়নাল হোসেন। নিহত বাবলু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আইয়ুব আলী ও তার ছেলে সুমন মিয়াকে আটক করে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত আছে।