ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদ ভেবে এসিড খাওয়া আরো এক নিরাপত্তাকর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ২১ আগস্ট ২০২১
মদ ভেবে এসিড খাওয়া আরো এক নিরাপত্তাকর্মীর মৃত্যু
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ ভেবে এসিড খেয়ে অসুস্থ হওয়া ধনেশ্বর ত্রিপুরা নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যু হলো। 

এর আগে, শুক্রবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল এলাকার এসআরএস শিপ ব্রেকার্স নামে একটি জাহাজ ভাঙা কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কারখানাটিতে পরিত্যক্ত জাহাজের নিরাপত্তার দায়িত্বে ছিলেন খাগড়াছড়ির বাসিন্দা ধনেশ্বর ত্রিপুরা, সীমান্ত ত্রিপুরা, দহরঞ্জন ত্রিপুরা ও স্বপন ত্রিপুরা। শুক্রবার সকালে জাহাজের ভেতর একটি বোতলে থাকা এসিডকে মদ ভেবে পান করে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে দহরঞ্জন ত্রিপুরা মারা যান।

চমেক হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, শুক্রবার সকালে এসিড খেয়ে অসুস্থ চারজনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে শুক্রবার বিকেলে ও শনিবার সকালে দুজনের মৃত্যু হয়েছে। আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!