ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চমেক হাসপাতাল ও বিআরটিএ’তে র‍্যাবের অভিযান, ২৮ দালালের জেল-জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১০, ৫ সেপ্টেম্বর ২০২১
চমেক হাসপাতাল ও বিআরটিএ’তে র‍্যাবের অভিযান, ২৮ দালালের জেল-জরিমানা
চমেক হাসপাতাল ও বিআরটিএ’তে র‍্যাবের অভিযান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ২৮ দালালকে আটক করেছে র‍্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হয়।

রোববার দুপুরে এ অভিযান চালানো হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাদের সহযোগিতা করেন।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নুরুল আবছার বলেন, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ গ্রাহকদের বিভিন্ন প্রয়োজন যেমন: শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, রুট পারমিট ইস্যু ও নবায়ন, ফিটনেস নবায়ন করার নাম করে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছিল এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র- এমন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বিআরটিএ’র আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করা হয়। এর মধ্যে ২০ জনকে এক লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা ও একজনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়। 

Advertisement

এএসপি আরো বলেন, চমেক হাসপাতাল এলাকায় রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অসাধুভাবে যেমন: ন্যায্যমূল্যে ওষুধ কেনার নামে বেশী দামে ওষুধ ক্রয়, স্লিপ কেড়ে নিয়ে চার-পাঁচগুণ বেশি দামে ওষুধ ক্রয়, সুকৌশলে নিজেদের পছন্দমতো ল্যাবে পাঠিয়ে অর্থ আত্মসাৎ করছিল এক শ্রেণির দালাল ও প্রতারক চক্র- এমন সংবাদ থাকায় সেখানেও অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!