দৌলতদিয়ায় আরও এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আরও এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রিমন বিশ্বাস (৪৫) নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবন করার ফলে দেলোয়ার হোসেন বাবু নামে ঢাকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছিল।
.png)
মৃত রিমন বিশ্বাসের সঙ্গে থাকা তার চাচাতো ভাই মনিরুল ইসলাম বলেন, ‘শুক্রবার রিমন ও আমি এনাম মেডিকেল হাসপাতালে একজনের সঙ্গে দেখা করতে যাই। সেখান থেকে ফিরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি।’
মনিরুল জানান, পথিমধ্যে শনিবার ভোর রাত ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে আসেন। কিন্তু মাগুরা যাওয়ার কোনো গাড়ি না পেয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মনিরুলকে বসিয়ে রেখে রিমন কোথায় যেন যায়। সেখান থেকে ৩০ মিনিট পর এসে মনিরুলকে বসতে বলে আবারও চলে যান। এরপর আরও ৩০ মিনিট পর ফিরে রিমন আমার ভালো লাগছে না, বলেই মাটিতে লুটিয়ে পড়েন।
মনিরুল বলেন, আমি দ্রুত তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে ইসিজি করার কথা বলেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই রিমন মারা যায়।
এদিকে মৃত্যুর খবর শুনে সকালে মৃত ব্যক্তির স্ত্রী, বাবা, ভাইসহ স্বজনরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ছুটে আসেন।
গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মেনহাজ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোক করে মারা গেছেন।