ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাফনের ৮ মাস পর কবর থেকে উঠানো হলো গৃহবধূর লাশ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২১
দাফনের ৮ মাস পর কবর থেকে উঠানো হলো গৃহবধূর লাশ
রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে দক্ষিণ ত্রিশ কবরস্থান থেকে লাশটি উঠায় মুরাদনগর থানা পুলিশ

কুমিল্লার মুরাদনগরে দাফনের ৮ মাস পর কবর থেকে শাহিনুর আক্তার নামে এক গৃহবধূর লাশ উঠিয়েছে পুলিশ। মৃত শাহিনুর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ত্রিশ গ্রামের এনামুল হকের স্ত্রী ও নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আলী আজম খাঁনের মেয়ে।

রোববার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে দক্ষিণ ত্রিশ কবরস্থান থেকে লাশটি উঠায় মুরাদনগর থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গত ৯ জানুয়ারি শাহিনুর তার স্বামীর বাড়িতে মৃত্যুবরণ করে। সে সময় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সর্বসম্মতিক্রমে তার লাশ দাফন করা হয়। এ ঘটনার দেড় মাস পর শাহিনুরকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ আনেন ওই গৃহবধূর পরিবারের লোকজন। পরে বড় ভাই মামুন খাঁন তার বোনের স্বামী, শ্বশুর ও শাশুড়িসহ ৭ জনকে আসামি করে আদালতে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিন লাশ উঠিয়ে ময়নাতদন্তের নির্দেশ দেন।

Advertisement

মুরাদনগর থানার ওসি মো. সাদেকুর রহমান জানান, আদালতের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের উপস্থিতিতে শাহিনুর আক্তারের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!