ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পানির সঙ্গে এসিড মিশিয়ে স্বামীকে হত্যা 

কুষ্টিয়া প্রতিনিধি  
প্রকাশিত: ১৯:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২১
পানির সঙ্গে এসিড মিশিয়ে স্বামীকে হত্যা 
স্ত্রীর বিরুদ্ধে জাকির হোসেন নামে এক যুবককে পানির সঙ্গে এসিড মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ

কুষ্টিয়া সদর উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে জাকির হোসেন নামে এক যুবককে পানির সঙ্গে এসিড মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়।

সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল  হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রোববার রাত ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
 
নিহত জাকির হোসেন কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কুমারগাড়া গ্রামের পূর্বপাড়ার আলমগীর হোসেনের ছেলে। তিনি বাসা-অফিসের পানির লাইন মেরামত ও স্থাপনের কাজ করতেন। তার স্ত্রীর নাম সোনিয়া খাতুন। তাদের একটি কন্যা শিশু রয়েছে। 

জানা গেছে, এক বছর আগে প্রেম করে বিয়ে করেন জাকির ও সোনিয়া। বিয়ের পর থেকে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। পারিবারিক অশান্তির জের ধরে কয়েকদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে স্ত্রী সোনিয়া রাগে-অভিমানে তার বাবার বাড়ি চলে যায়। বাবার বাড়ি ও স্বামীর বাড়ি পাশাপাশি একই এলাকায়। 

গত রোববার রাতে শ্বশুর শুকুর আলীর বাড়িতে যান। স্ত্রীকে আনতে গেলে জাকিরকে তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন পানির সঙ্গে এসিড মিশিয়ে পান করায়। স্ত্রী তার বাড়িতে ফিরতে রাজি না হলে জাকির তা বাড়ি ফিরে যান। বাড়ি যাওয়ার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার ভোরে তার মৃত্যু হয়। 

নিহত জাকিরের বাবা আলমগীর বলেন, রোববার রাতে শ্বশুর বাড়ি গেলে স্ত্রী সোনিয়া পানির সঙ্গে এসিড মিশিয়ে খাওয়ায় জাকিরকে। এর কিছুক্ষণ পর বাড়ি ফিরলে রাত সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে কুষ্টিয়া সদর হাসপাতালের নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সোনিয়া ও তার পরিবারের সদস্যরা ছেলেকে হত্যা করেছে। তাদের উপযুক্ত শাস্তি চাই। 

কুষ্টিয়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এজাজুল হাকিম বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী সোনিয়া তার স্বামীকে পানির সঙ্গে এসিড মিশিয়ে পান করিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহতের পরিবার মামলা দায়ের করছেন। 

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলম বলেন, এ বিষয়ে গণমাধ্যমকর্মীকে কিছু বলতে পারবো না। সেটা নিয়মের মধ্যে পড়ে না। দরকার হলে আদালতে বলবো। 

হাসপাতালে দুই নম্বর ওয়ার্ডের সিনিয়র নার্স নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, এসিড পান করায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হতে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়। 

জানা গেছে, এসিড পয়জনিংয়ের কারণে অসুস্থ হয়ে রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় জাকির হোসেনকে। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়। 

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, নিহত ব্যক্তির স্বজনরা হত্যার অভিযোগ করেছেন। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।  দন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!