স্ত্রীকে কুপিয়ে বিষপানে প্রাণ দিলেন স্বামী
নাটোর সদর উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কুপিয়ে জখম করার পর বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঋষি নওগাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে স্বামী হাসান আলীর সঙ্গে স্ত্রী রাসু বেগমের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হাসান আলী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর জখম করেন। প্রতিবেশীরা তাকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান।
অপরদিকে এ ঘটনার পর হাসান আলী বিষপান করেন। তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. রাসেল বলেন, হাসান আলীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে। এর আগে তার স্ত্রীকে গুরুতর অবস্থায় নিয়ে আসা হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ওসি মনসুর রহমান বলেন, স্ত্রীকে কুপিয়ে আহত ও স্বামীর বিষপানে মৃত্যুর বিষয়টি শুনেছি। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।