ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের ফাঁদে ফেলে হত্যাচেষ্টা, সুন্দরী পপি কারাগারে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ২৫ সেপ্টেম্বর ২০২১
প্রেমের ফাঁদে ফেলে হত্যাচেষ্টা, সুন্দরী পপি কারাগারে
গ্রেফতারকৃত লাইজুন নাহার পপি ওরফে সুন্দরী পপি

বরিশালের বাবুগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাইজুন নাহার পপি ওরফে সুন্দরী পপিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত লাইজুন নাহার পপি ওই উপজেলার বিমানবন্দর থানাধীন খানপুরা গ্রামের মো. সুলতান হাওলাদারের মেয়ে।

বিমানবন্দর থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরিশাল নগরীর কাশিপুরের বাগিয়া এলাকার একটি বাসা থেকে সুন্দরী পপিকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, একই গ্রামের মো. সাইফুল ইসলাম সোহানের মুরগির খাবারের দোকানের পাশে লাইজুন নাহার পপির বিউটি পার্লার ছিল। এ কারণে তাদের মাঝে যোগাযোগ ও সুসম্পর্ক ছিল। এক পর্যায়ে সোহানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে পপি। পরবর্তীতে এক লাখ টাকা দেনমোহরে বিয়ে করে বরিশাল শহরে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করে। এর কিছুদিন পর সোহান জানতে পারেন পপির আগেও চারটি বিয়ে ছিল। এ নিয়ে গত ১৮ আগস্ট দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহানকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় পপি। পরে ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় নিজেকে রক্ষা করেন সোহান।

আরো জানা গেছে, ওই ঘটনার পর বাবা সুলতান হাওলাদার ও মা মরিয়ম বেগমের সহায়তায় সাইফুল ইসলাম সোহনের ভাড়া বাসা থেকে টাকা, স্বর্ণালঙ্কার ও  আসবাবসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায় লাইজুন নাহার পপি। ওই ঘটনায় পপি ও তার মা-বাবার বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতারণা ও হত্যাচেষ্টা মামলা করেন সোহান। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে বৃহস্পতিবার বিমানবন্দর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ নম্বর আসামি লাইজুন নাহার পপি ওরফে সুন্দরী পপিকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ মামলার বাকি আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি কমলেশ চন্দ্র হালদার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!